
নাসরিন আক্তার-বরগুনা :
আজও ২৪ ডিসেম্বর এলেই বুক ভারী হয়ে ওঠে বরগুনার অসংখ্য পরিবারের। চার বছর আগে এই রাতেই যাত্রীবাহী লঞ্চ অভিযান–১০ এ আগুনে পুড়ে প্রাণ হারান অন্তত ৪৫ জন। কেউ হারিয়েছেন বাবা, কেউ মা, কেউ সন্তান কেউ আবার আপনজনের শেষ চিহ্নটুকুও ফিরে পাননি।
সেই রাতে অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন, ধোঁয়া আর আর্তচিৎকারে বদলে যায় সবকিছু। কেউ নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাঁচার আশায়, কেউ আটকে পড়েছিলেন কেবিনে। যারা সাঁতার জানতেন না, তাদের সামনে ছিল শুধু মৃত্যু আগুনে কিংবা পানিতে।
আজ চার বছর পরও অনেক পরিবার জানেন না তাদের স্বজনের শেষ মুহূর্ত কেমন ছিল। ক্ষতিপূরণ মিলেছে কারও কারও, কিন্তু শোকের ক্ষত শুকায়নি। সন্তানহারা মা এখনও তাকিয়ে থাকেন নদীর দিকে, স্বামীহারা স্ত্রী আজও বিশ্বাস করতে পারেন না এক রাতে সব শেষ হয়ে গেছে।
অভিযান–১০ শুধু একটি দুর্ঘটনা নয়, এটি অবহেলা আর অনিরাপদ নৌযাত্রার নির্মম স্মারক। ২৪ ডিসেম্বর এলেই বরগুনার মানুষ নীরবে স্মরণ করেন সেই রাত যে রাতে আগুন নিভে গেলেও মানুষের চোখের জল আজও শুকায়নি।

