
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
জুলাই বিপ্লবের অকুতোভয় মহানায়ক শহীদ ওসমান শরীফ হাদীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজ শেষে জেলা শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। এতে পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
বিক্ষোভের আগে শহীদ ওসমান শরীফ হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-জনতার পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের প্রাণপুরুষ শহীদ হাদী ছিলেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ ঘরে ফিরে যাবে না। বরং এই আন্দোলন আরও বেগবান হবে।
বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অপশক্তি বা বিদেশি মদদপুষ্ট শক্তি এই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না। শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদী গণআন্দোলন চলমান থাকবে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

