
নিজস্ব প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই-৩৬ মঞ্চ, এনএসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।
১৯ ডিসেম্বর শুক্রবার সকালে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হত্যার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন। একপর্যায়ে উত্তেজিত অংশগ্রহণকারীরা মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে গণতন্ত্র ও মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

