
নিজস্ব প্রতিনিধি :
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব মোকাবেলায় জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যাপক মশক নিধন কর্মসূচি ও মশারি বিতরণ করেছে ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার সকালে এলাকার বিভিন্ন সড়ক, গলি ও ঘনবসতিপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে মানসম্মত মশারি বিতরণ করা হয়।
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। তারা জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু–চিকুনগুনিয়া পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় এ ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপ তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
শফিকুল ইসলাম খান মিল্টনের বক্তব্য
জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন—
“জনগণের স্বাস্থ্য সুরক্ষা আমার সবচেয়ে বড় দায়িত্ব। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতে আমরা শুধু আজ নয়, সারাবছরই সচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাব। এই শহর আমাদের, তাই সবাইকে নিয়ে নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই আমি কাজ করতে চাই।”

