
মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মুফতি আমজাদ হোসাইন আশরাফী। রিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তিনি। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মজলিস আমির মাওলানা মামুনুল হক।
সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী। প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, “এদেশের আলেমসমাজ আল্লাহর সন্তুষ্টি ও মানুষের স্বার্থ রক্ষার জন্যই রাজনীতি করে।”
তিনি অভিযোগ করে বলেন, দেশের প্রতিটি সরকারি খাত এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সরকার পরিচালিত খাতে লোকসান হলেও বেসরকারি ব্যবস্থাপনায় লাভ হয় এমন বৈষম্যমূলক অবস্থার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষকে উন্নয়নের নামে প্রতিনিয়ত বিভ্রান্ত করা হয়। উন্নয়ন হয় তাদের, যারা ক্ষমতার কেন্দ্রের কাছে থাকে। উন্নয়ন হয় তাদের, যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়।”
গণসমাবেশে বিভিন্ন ইসলামি দল ও সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

