
নাসরিন আক্তার-বরগুনা :
কেন্দ্রীয় বিএনপি বরগুনা জেলার সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে। এতে জেলার মোট ৪৬৬টি ইউনিট কমিটি বাতিল হলো।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। এবং এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, আগের জেলা আহ্বায়ক কমিটি জেলার বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করেছিল, যেগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল। নির্বাচনের পর নতুন করে সব কমিটি গঠন করা হবে। আপাতত শুধু ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, বরগুনা জেলায় ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪২টি ইউনিয়ন কমিটি, প্রতিটি ইউনিয়নে ৯টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ছয়টি উপজেলা কমিটি, চারটি পৌর কমিটি এবং প্রতিটি পৌরসভায় ৯টি করে মোট ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৬৬টি কমিটি বাতিল হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক এবং প্রয়াত তারিকুজ্জামানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে ওই কমিটির বিরুদ্ধে কমিটি গঠনে আর্থিক লেনদেন, অসাংগঠনিক কার্যক্রম ও অরাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে দুই বছর আগে কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি।
গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

