
সাইমন :
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইভাবে শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলার অন্য ১৪ আসামিকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এর মধ্যে আসামি মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে কারাগারে আটক আছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে— শেখ রেহানা তার প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ নেন। এতে রাজউকের বিধি-বিধান লঙ্ঘিত হয় এবং রাষ্ট্র আর্থিক ক্ষতির মুখে পড়ে।
এ ঘটনায় চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তদন্ত শেষে ১০ মার্চ আদালতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
আলোচিত এই মামলার রায় ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

