
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে লড়তে মনোনয়ন সংগ্রহ করেছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইশান আহমেদ রাসেল।
সোমবার (১৭ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রাসেল বলেন,ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতায় অনেক হেভিওয়েট ও যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যেসব সমস্যার মুখোমুখি হয়েছি—আমার বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সাধারণ শিক্ষার্থীও প্রতিদিন একই সমস্যার সাথে লড়াই করছে। সেই বাস্তবতা থেকেই সাধারণ শিক্ষার্থীর অধিকার রক্ষায় এগিয়ে আসার লক্ষ্য নিয়ে আমি এই পদে মনোনয়ন গ্রহণ করেছি।
তিনি আরো বলেন,“আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের ভিপি প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের অধিকার, সেবা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করছি। একাডেমিক জটিলতার সমাধান, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ছাত্রসংসদ, হয়রানি ও সহিংসতামুক্ত ক্যাম্পাস, স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার সুযোগ বৃদ্ধিই হবে আমার মূল লক্ষ্য।
তিনি আরো বলেন,আমি বিশ্বাস করি, সকল শিক্ষার্থীর মতামত ও সম্পৃক্ততার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও আধুনিক জগন্নাথ গড়া সম্ভব। সেই দায়িত্বশীল নেতৃত্ব দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ ও ১৭ নভেম্বর পর্যন্ত মোট ২৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে।এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

