
নিজস্ব প্রতিবেদক :
তুরাগ থানা ছাত্র শিবিরের সাবেক নেতা ও বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির বর্তমান সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং তার ভাগিনা, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঁচ পৃষ্ঠার বিশদ অভিযোগ দাখিল করা হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের মাধ্যমে অভিযোগপত্রটি তারেক রহমানের কাছে পাঠানো হয় বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, মোস্তফা জামান ও আফাজ উদ্দিন উত্তরা ও গাজীপুর এলাকায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়ে প্রতি মাসে প্রায় ৩৫ লক্ষ টাকা চাঁদাবাজি করছেন।
পরিবারের রাজনৈতিক পটভূমি নিয়ে প্রশ্ন
অভিযোগপত্রে বলা হয়, হাজী মোস্তফা জামান একসময় তুরাগ থানা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তার পরিবারের বেশিরভাগ সদস্যই জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরিবারের মধ্যে মোস্তফা একমাত্র ব্যক্তি যিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়।
তার ভাই ফিরোজ জামান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, যার স্ত্রী উত্তরা ৫১ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি। ফিরোজ একাধিক হত্যা মামলার আসামি হলেও বর্তমানে মোস্তফার আশ্রয়ে রয়েছেন। অপর দুই ভাই সুরুজ্জামান ও খালিদুজ্জামান জামায়াতের পদধারী নেতা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিতর্কিত সম্পদ ও প্রভাব বিস্তার
অভিযোগে আরও বলা হয়, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হওয়ার পর মোস্তফা জামান দলের কার্যক্রমের চেয়ে ব্যক্তিগত সম্পদ রক্ষায় বেশি মনোযোগী হয়েছেন। রূপায়ন সিটির জমি দখল ও রাজউকে প্রভাব খাটিয়ে প্রায় ৬০ কাঠা জমির ভুয়া কাগজপত্র তৈরি করেছেন বলে অভিযোগ ওঠে।
রূপায়ন সূত্রের বরাতে অভিযোগে উল্লেখ করা হয়, ২০০১ সালে রূপায়নের জন্য দালালির কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন জমি নিজের নামে রেজিস্ট্রি করে পরে কোম্পানির কাছে বিক্রি করেছেন, যা প্রতারণামূলক কর্মকাণ্ড।
অভিযোগে বলা হয়, বর্তমানে মোস্তফার নামে ও বেনামে উত্তরায় প্রায় ৭০০ শতাংশ জমি, ২০টিরও বেশি রাজউক প্লট এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টিরও বেশি ফ্ল্যাট রয়েছে। এর অধিকাংশই গরিব ও আত্মীয়স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া বলে দাবি করা হয়েছে।
ভাগিনা আফাজ উদ্দিনকেও ঘিরে বিতর্ক
অভিযোগে মোস্তফার ভাগিনা আফাজ উদ্দিনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি তিনি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লার সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে অপকর্মে লিপ্ত অবস্থায় জনতার হাতে ধরা পড়েন বলে অভিযোগে উল্লেখ আছে।
দলের ভেতরে স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে আফাজ উদ্দিনকেও অভিযুক্ত করা হয়েছে।
আওয়ামী নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ
অভিযোগে বলা হয়, মোস্তফা জামানের সেল্টারে বর্তমানে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। তাদের সম্পত্তি রক্ষার বিনিময়ে মোস্তফা প্রতি মাসে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন।
ঢাকা-১৮ আসনবাসীর ক্ষোভ
অভিযোগে আরও বলা হয়, মোস্তফা জামান ও আফাজ উদ্দিনের দখলবাজি, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতায় ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষ অতিষ্ঠ। এলাকার জনগণ তাদের অত্যাচার থেকে রেহাই চাচ্ছেন।
সূত্র: অভিযোগপত্র, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন

