
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা এক ঘণ্টার কলম বিরতি পালন করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তার উপর হামলা প্রশাসনিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য গুরুতর হুমকি স্বরূপ। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত বুধবার (৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কার্যালয়ে প্রবেশ করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম ও কর্মী ফজলু। কৃষি প্রণোদনা বিষয়ক আলোচনার এক পর্যায়ে কাইয়ুম কৃষি কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তিনি উত্তেজিত হয়ে কর্মকর্তাকে চড় মারেন এবং ফজলুসহ টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তিনি নকলা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরদিন কেন্দ্রীয় ছাত্রদল রাহাত হাসান কাইয়ুমকে দল থেকে বহিষ্কার করে। বর্তমানে কাইয়ুম ও তার সহযোগী ফজলু পলাতক রয়েছেন।

