
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে দুই আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সাতপাড়া গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বিজয় বিশ্বাস (২২), গোপালগঞ্জ সদর উপজেলার ডালনিয়া গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে এবং সরোজ ভট্টাচার্য (৬০), একই গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বিজয় বিশ্বাসের মৃত্যু হয়। গুরুতর আহত সরোজ ভট্টাচার্যকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

