
রায়হান শেখ-মোল্লাহাট, বাগেরহাট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। তবে দেশের ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও বাগেরহাট-১ (বাগেরহাট সদর, মোল্লাহাট ও চিতলমারী) আসনে এখনো অনিশ্চয়তা কাটেনি। এই আসনের মনোনয়ন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মিশ্র সুর।তৃণমূল বিএনপি নেতাকর্মীদের দাবি, দলীয় প্রার্থী হিসেবে শেখ ওয়াহিদুজ্জামান দিপুর বিকল্প নেই। তারা বিশ্বাস করেন—দীর্ঘদিন ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রাখা, দুঃসময়েও দলের পাশে থাকা, এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য।
স্থানীয় নেতারা বলছেন, “আমরা বিশ্বাস করি—দল সুবিচার করবে, এবং ধানের শীষের প্রার্থী হিসেবে শেখ ওয়াহিদুজ্জামান দিপুকেই মনোনয়ন দেবে।”
রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করেন, বাগেরহাট-১ আসনে বিএনপি বর্তমানে সুসংগঠিত ও প্রাণবন্ত। আর এ সংগঠনের প্রাণপুরুষ হিসেবে শেখ ওয়াহিদুজ্জামান দিপুর নেতৃত্ব তৃণমূল পর্যায়ে আস্থা ও উচ্ছ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
বিএনপির স্থানীয় এক সিনিয়র নেতা বলেন, “দিপু ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তাঁর পরিশ্রম ও ত্যাগেই আজ সংগঠন টিকে আছে।”
তৃণমূল বিএনপির একটাই আবেদন—
যে নেতা ঘাম, শ্রম ও নিবেদন দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন, তিনিই যেন পান ধানের শীষের প্রতীক।

