
নাসরিন-বরগুনা :
বাংলাদেশকে মালয়েশিয়া বা সুইজারল্যান্ড বানানোর কথা নয়, বরং দেশের বাস্তবতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমন মন্তব্য করেছেন বরগুনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আরিফ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা পৌর মাছ বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ধানের শীষ প্রতীকের প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল আরিফ বলেন, বর্তমানে দেশে দুটি রাজনৈতিক দল আল্লাহর নাম ব্যবহার করে এবং বেহেশতের টিকিটের প্রলোভন দেখিয়ে ভোট চাইছে। অথচ বেহেশতের টিকিটের মালিক একমাত্র আল্লাহ কোনো রাজনৈতিক দল নয়। তিনি আরও বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমান ফ্যামেলি কার্ড, কৃষি কার্ডসহ জনবান্ধব নানা উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করেছেন। পাশাপাশি নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা পৌর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রফিক সওদাগর, সাধারণ সম্পাদক হুমায়ুন লিটনসহ ছাত্রদল ও মৎস্যজীবী দলের প্রায় শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাজারের মৎস্য ব্যবসায়ীদের মাঝে ধানের শীষ প্রতীক সংবলিত গেঞ্জি বিতরণ করা হয়।

