
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাল চুরির সময় হাতেনাতে মাহফুজ আলী (৩৮) নামের এক যুবককে আটক করেছেন চাল ব্যবসায়ী।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বাজারে ওই যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটক মাহফুজ আলী একই এলাকার সামছু’র ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহফুজ আলী মূলত মাদকসেবী এবং পেশায় একজন চোর। সে প্রায় দুই মাস যাবৎ বাড়ির পার্শ্ববর্তী চাল ব্যবসায়ী আজিজুল হকের গোডাউন থেকে প্রতিদিন রাতের আঁধারে ২/১ বস্তা করে চাল চুরি করে আসছিল। আর এই চুরির চালের বস্তা বাড়িতে নিয়ে খোলা চাল হিসেবে বাজারে বিভিন্ন দোকানে বিক্রি করত। এভাবে সে চুরির টাকা দিয়ে সে নেশা করত। তার এই চাল বিক্রির ঘটনা মাসখানেক ধরে পাড়া- প্রতিবেশীরা জানলেও দোকানদার আজিজুল বিষয়টি কখনো টের পাননি। বরং দোকানদার আজিজুল ভাবতেন তাঁর দুই ছেলে হয়ত চালের বস্তাগুলো বিক্রি করেছে, আর ছেলেরা ভাবত তাদের বাবা হয়ত চালের বস্তাগুলো বিক্রি করেছেন। এভাবে ধীরে ধীরে গোডাউনে ফাঁকা হওয়ায় একদিন দুই ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ শেষে ব্যবসায়ী আজিজুলের মনে সন্দেহ দেখা দিলে গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আনুমানিক আড়াইটার দিকে দুই বস্তা চালসহ চোর মাহফুজকে গোডাউনের ছাদের উপরে সুকৌশলে হাতেনাতে ধরেন তিনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় ভুক্তভোগী চাল ব্যবসায়ী আজিজুল হক বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আমার অবর্তমানে দুই ছেলে ও স্ত্রী ব্যবসা পরিচালনা করে। পরিবারের সবাই ব্যবসার সাথে জড়িত থাকায় সেভাবে কারও কাছ থেকে ব্যবসায়িক হিসাব নেওয়া কিংবা এককভাবে ব্যবসা তদারকি করা সম্ভব হয়নি। মাসখানেক ধরে আমার ভবনে নির্মাণ কাজ চলছে, বর্তমানে ছাদের উঠা-নামার সিড়িতে কোনো দরজা নেই। সেই সুযোগে কেউ ২/৩ মাস যাবত প্রতিদিন ২/১ বস্তা করে চাল গোডাউন থেকে রাতের বেলা ছাদের উপর দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছিল। গোডাউনে চালের বস্তা কম থাকায় বিষয়টি আমার কাছে বেশ সন্দেহজনক হওয়ায় রাত জেগে দুই বস্তা চালসহ চোর ধরেছি। গত দুই মাসে আমার গোডাউন থেকে আনুমানিক ৬০-৭০বস্তা চাল চুরি হয়েছে।

