
মোঃ ওয়াহেদ আলী :
লালমনিরহাটের হারাটী সতী নদী। নেই পারাপারের নৌকা। ঝুলন্ত বাঁশের মাচাই একমাত্র সম্বল। নদী পার হতে বাঁশের মাচা থেকে পড়ে প্রাণও গেছে শিশুর। এপাড়-ওপাড়ে কয়েক হাজার পরিবারের বসবাস।
একমাত্র ভরসা বাঁশের এই সাঁকোটি। প্রতিনিয়ত ঘটতো দুর্ঘটনা। হতো প্রাণহানি ও অঙ্গহানি। এ অবস্থায় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলা যুবদল। স্বেচ্ছাশ্রমে ১৭ দিনে যুবদল নেতাকর্মীরা নিজ অর্থায়নে তৈরি করেছেন বাঁশের এই সাঁকোটি। যুবদলের নির্মিত সাঁকো পেয়ে খুশি হারাটি চোঙ্গাদ্বারার ৩০ হাজার মানুষ।
সাঁকো উদ্বোধন শেষে বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, সাঁকোটি তারেক রহমানের ৩১ দফারই একটি অংশ।
যুবদল রাষ্ট্র সংস্কারের মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে সাঁকোটি নির্মাণ করেছে। গ্রামবাসীর দাবি, সাঁকোটি নির্মাণে পাল্টে যাবে এলাকার অর্থনৈতিক ও সামাজিক চিত্র। হারাটি ইউনিয়নের চোঙ্গাদ্বারা সতী নদী পার হতে দীর্ঘদিন ভোগান্তিতে প্রায় ৩০ হাজার মানুষ। বাঁশের ঝুলন্ত সাঁকো প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার হতো স্কুলপড়ুয়া শিশু ও গ্রামবাসীরা। সেতুর অভাবে ব্যাহত হতো যাতায়াত, কৃষিপণ্য পারাপারসহ সার্বিক কাজ।
ঝুলন্ত বাঁশের সাঁকোতে সম্প্রতি এক শিশুর মৃত্যু হয়। পরিবারগুলোর পাশে এগিয়ে আসে লালমনিরহাট জেলা যুবদল। বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর পরামর্শে যুবদল নিজস্ব অর্থায়নে নির্মাণ করে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো।
এতে খুশি স্থানীয়রা। জেলা যুবদলের নেতাকর্মীরা নিজ হাতে ১৭ দিনে স্বেচ্ছাশ্রমে ১৫০ ফুট দৈর্ঘ্য বাঁশের সাঁকো তৈরি করেন। জেলা যুবদল সভাপতি আনিসুর রহমান ভিপি আনিছ বলেন, যুবদল সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ভাঙা সড়ক মেরামত করছে যুবদল। আমরা তারেক রহমানের আদর্শ পালন করছি।
সাধারণ সম্পাদক হাসান আলী জানান, আমরা মানুষের পাশে সব সময় আছি। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উদ্বোধন শেষে বিগত সরকারের ব্যর্থতা তুলে ধরে তীব্র সমালোচনা করেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ওই এলাকায় স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন।

