
আল হাফিজ-মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
আরেকটি প্রাণ ঝরে গেল সড়কে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামের তরুণ ট্রাক হেলপার জসিম (২৬) আর ফিরবেন না ঘরে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে গোপালগঞ্জের চর গোবরা দোলা ফিলিং স্টেশনের সামনে ভয়াবহ এক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার আগমুহূর্তে ঢাকাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বিকট শব্দে ছিন্নভিন্ন হয়ে যায় জীবনের সব স্বপ্ন। দুর্ঘটনায় পেছনের ট্রাকের হেলপার জসিম ঘটনাস্থলেই নিহত হন। ধাক্কায় সামনের ট্রাকটি সড়কের পাশে খাদের কিনারায় পড়ে যায়, এতে চালক ও অপর হেলপার আহত হন।
মাত্র ছাব্বিশ বছরের তরুণ জসিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সকাল থেকেই দারিয়ালা গ্রামের বাড়িতে চলছে আহাজারি আর কান্নার মাতম। মা হারিয়েছেন ছেলেকে, স্ত্রী হারিয়েছেন স্বামীকে, গ্রামের মানুষ হারিয়েছে এক পরিশ্রমী তরুণ সন্তানকে।
প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিল জসিম। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় সড়কের বুকে থেমে গেল এক তরুণের জীবনযাত্রা। নিহতের বাড়ি ও এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।

