
মো: ওয়াহেদ আলী-লালমনিরহাট :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আনন্দ, সদস্য সচিব হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রভাগে ছিল, ভবিষ্যতেও থাকবে। তরুণদের ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। এ সময় বক্তারা বর্তমান সরকারের দুর্নীতি, দমন-নিপীড়ন ও বেকারত্বের চিত্র তুলে ধরে যুব সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দলের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

