
বদিউজ্জামান, জলঢাকা (নীলফামারী) |
১৯ অক্টোবর ২০২৫ নীলফামারীর জলঢাকা উপজেলার কাটালি ইউনিয়নের আদর্শ পাড়ায় কয়েলের আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবার সর্বস্ব হারিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু ও ৩টি ছাগল, সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে ৪টি বসতঘরসহ সব আসবাবপত্র ও মূল্যবান মালামাল।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন, মৃণাল চন্দ্র রায়ের স্ত্রী মুক্তা রানী জানান, “রাতে কয়েল জ্বালিয়ে রাখলে সেটি আমাদের ক্রয়কৃত ট্রান্সফরমার মিটারে আগুন ধরায়। মিটারটি গরম হয়ে বিস্ফোরণ ঘটায়, এরপর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের ঘর, গরু, আসবাব — সব পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”
প্রতিবেশী হরিকান্ত রায় জানান, “আমার তিনটি ঘর পুড়ে গেছে। প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিছুই রক্ষা করতে পারিনি।”
স্থানীয়রা জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে একটি ছোট বাছুরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও, বাকি পশু-পাখি ও সম্পত্তি আর রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ, ফোন করার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এ প্রসঙ্গে জলঢাকা ফায়ার সার্ভিসের সাব অফিসার এ এস এম আতাউর রহমান বলেন, “জ্যামের কারণে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছি।”
ঘটনাটি ঘিরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

