
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পৃথক অভিযানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এবং গোলখার এলাকায় এই অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
আদালত সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তন্তর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘তাজ ট্রেডিং’-কে ২০ হাজার টাকা এবং ‘আমিন ইলেকট্রনিক্স’-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে, একই দিনে ধরখার ইউনিয়নের গোলখার এলাকায় পৃথক একটি অভিযান পরিচালিত হয়। সেখানে অবৈধভাবে কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও আদালত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ফুট পাইপ ঘটনাস্থলেই ধ্বংস করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং কৃষি জমি রক্ষায় কোনো ধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না।

