
মনিরুজ্জামান মনির :
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় মৌলভীবাজার জেলা পুলিশ শ্রেষ্ঠ জেলার পুরস্কার অর্জন করেছে। আজ ২৬ আগস্ট, মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়।
সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান মহোদয় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন। মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আসামি গ্রেফতার, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লু-লেস মামলা উদঘাটন, ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
এই অনুষ্ঠানে সিলেট রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার প্রাপ্তিতে মৌলভীবাজার জেলা পুলিশের সকল সদস্যকে অভিনন্দন জানান ডিআইজি মুশফেকুর রহমান।

