
নিজস্ব প্রতিনিধি,
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই লাখ গাছের চারা রোপণের কর্মসূচির ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আজ যে ছোট্ট চারাটি তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, একদিন সেটিই বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, মানুষের জীবন রক্ষা করবে এবং দেশকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তার অংশ হিসেবে সোনারগাঁ উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে নিজ হাতে পাওয়া চারাটি বাড়িতে রোপণ ও পরিচর্যা করলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করা গেলে পরিবেশ সচেতন নাগরিক গড়ে তোলা সহজ হবে।
একই দিনে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান একটি নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঐতিহাসিক বৈদ্যেরবাজার ঘাট উন্নয়নকাজের উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং বৈদ্যেরবাজার ঘাটকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানাসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

