
নিজস্ব প্রতিবেদক ,
যশোরের রাজারহাট রেলগেট ও যশোর-খুলনা মহাসড়কে এলাকা থেকে মুরলী পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলমান থাকায় সোমবার ২২ জুন ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, কর্মজীবী যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কার ও নির্মাণকাজের কারণে রাজারহাট মোড় থেকে মুরলী মোড় পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা দেয়। একপর্যায়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বাস, ট্রাক, প্রাইভেটকার, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
ভুক্তভোগীরা জানান, যানজটের কারণে অনেক যাত্রীকে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত সড়কে অপেক্ষা করতে হয়েছে। অফিসগামীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে সমস্যা হয়েছে। একইভাবে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে বের হওয়া মানুষও নানা ধরনের দুর্ভোগে পড়েন।
এদিকে এই যানজটে আটকা পড়েন সাধারণ মানুষ। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে তাদের বেগ পেতে হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণকাজ চললেও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে। দ্রুত কাজ শেষ করার পাশাপাশি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানান তারা।

