
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন (৩১) নামে এক বিধবা ও পাঁচ সন্তানের জননী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ আমেনা খাতুন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী এবং চার ছেলে ও এক মেয়ের জননী। প্রায় চার বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়। তার বাবার নাম মো. খালেক।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী মো. জালালের (২০) সঙ্গে দীর্ঘ চার বছর ধরে আমেনার প্রেমের সম্পর্ক ছিল। জালাল একই এলাকার সিদ্দিক আলীর ছেলে। তবে প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন।
জালালের বিয়ের পর থেকেই তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের মধ্যে তীব্র টানাপোড়েন ও দূরত্বের সৃষ্টি হয়।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, সম্পর্কের এই টানাপোড়েনের জের ধরে শুক্রবার দুপুরে প্রেমিক জালালের বাড়িতে যান আমেনা খাতুন। সেখানে গিয়ে ঘরের দরজার সামনে সবজি ক্ষেতে ব্যবহৃত পোকা মারার বিষ ‘সাইপারমেথ্রিন ১০ ইসি’ পান করেন তিনি।
আমেনাকে বিষপান করতে দেখে আশঙ্কাজনক অবস্থায় জালালের দুলাভাই শিপন মিয়া ও বোন ফারজানা পারভীন তাকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম জানান, “এক নারী আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে প্রেমিক জালালের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

