
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় জামালপুর জেলা শহরের সরদারপাড়াস্থ হিলফুল ফুজুল ট্রাস্ট হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব লস্কর মোঃ তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমীর মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার এবং জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ আছিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি হাজী আরজু মিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব লস্কর মোঃ তসলিম বলেন, “শ্রমিকদের সেবার মাধ্যমে তাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সমাজে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

