
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার (৫ এপ্রিল) জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল শহরের সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দেখা যায়, যমুনা গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। প্রমাণের ভিত্তিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ী যেন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত দামের বেশি নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ীদের সরকার নির্ধারিত সঠিক মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য সচেতন করা হয়।

