
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক বেগম রোকেয়া সরণিতে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
মিরপুর ১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক, বাইলেন ও নর্দমার সমন্বিত উন্নয়ন কাজের এই প্রকল্পের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, যানজট ও ভোগান্তি নিরসনের আশা করা হচ্ছে।
উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর স্বস্তিদায়ক চলাচল ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। বেগম রোকেয়া সরণির এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও জানান, সড়কের পাশাপাশি বাইলেনগুলো সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হয়।
এসময় সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
ডিএনসিসির এই উন্নয়ন কার্যক্রম রাজধানীর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

