
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে তিতাস নদীতে মহাষ্টমীর পূণ্যস্নানে গিয়ে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অপর্ণা সূত্রধরের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর আজ শনিবার সকালে দুর্ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে ওঠে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (মহাষ্টমীর দিন) পরিবারের সদস্যদের সঙ্গে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে স্নানে যায় অপর্ণা। নদীতে নামার কিছুক্ষণ পরই স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। পাশে থাকা মা নমিতা সূত্রধর তাৎক্ষণিক চেষ্টা করেও মেয়েকে রক্ষা করতে পারেননি।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা একটি বিশেষজ্ঞ ডুবুরি দল টানা উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ সময় তল্লাশি করেও সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ শনিবার সকাল ৮টার দিকে স্নানের সেই নির্দিষ্ট স্থানেই শিশুটির নিথর দেহ ভেসে ওঠে।
নিহত অপর্ণা সূত্রধর শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে এবং স্থানীয় খ্রিস্টীয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় গোকর্ণঘাট এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

