
কুমিল্লা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা জেলায় জোরদার প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ। দলটির নেতৃবৃন্দ বলছেন, সু্ষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বাসদ কুমিল্লায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।
কুমিল্লা জেলা বাসদের অন্যতম শীর্ষ নেতা সরদার হুমায়ুন কবির বলেন, “আমরা সবসময় জনগণের পাশে আছি। মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আমরা আপসহীন। নির্বাচনে জয়ী হতে পারলে এই দেশের উন্নয়ন যাত্রাকে নতুন ধারাবাহিকতায় এগিয়ে নিতে চাই।”
তিনি আরও জানান, জনগণই পরিবর্তনের শক্তি এবং বাসদ সেই শক্তিকে সংগঠিত করে সমাজের বৈষম্য দূর করতে বদ্ধপরিকর।
এদিকে কুমিল্লা-সদর _৬ আসনে এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন আলমগীর চৌধুরী। তিনি ‘মই’ প্রতীক নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
প্রচার–প্রচারণায় তিনি বলেন, “এই সরকার যদি সঠিকভাবে, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজন করে, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যাবো। বাসদ মানুষের কল্যাণে কাজ করে, মানবতার পক্ষে দাঁড়ায়। বিজয়ী হতে পারলে এ দেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির মতো অপকার্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
লায়ন আলমগীর চৌধুরী আরও বলেন, “অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সমাজকে এগিয়ে নিতে, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে বাসদ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।”
অন্যদিকে স্থানীয় ভোটারদের মধ্যেও বাসদের এমন ইতিবাচক অবস্থানকে স্বাগত জানানো হচ্ছে বলে জানা গেছে। তরুণ ভোটারদের একাংশ মনে করেন, নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে বাসদ এক দৃশ্যমান ভূমিকা রাখতে পারে।
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কুমিল্লায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তবে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনই যে জনগণের প্রধান প্রত্যাশা—তা জেলাজুড়ে স্পষ্ট।

