
নিজস্ব প্রতিবেদক :
দুটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা হাতপাখা নিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি কোথাও পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল, যে দলটি বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে। আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে। আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে।’
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল শুরু আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বাংলাদেশের মানুষ জানেও না, তারা চায়ও না। এসব রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক রাজনীতি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করতে চায়। আমি নাম বলবো না, আপনারাই বুঝে নেন।’
তিনি বলেন, আজ যারা রাজনীতিতে নতুন বাক্য বিশারদ হয়েছেন, তাদের উদ্দেশ্যে নসিহত করছি—যারা বাংলাদেশে নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচন পিছিয়ে দিয়ে, নির্বাচনকে অনিশ্চিত করে বা নির্বাচন না করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। আমরা লক্ষ করছি বাংলাদেশে বিভিন্নভাবে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি পাঁয়তারা চলছে। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একত্রিত হয়েছিল, তাদের মধ্যে বিভক্ত সৃষ্টির বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে।
শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা দেখেছি বাংলাদেশকে পাশের একটি রাষ্ট্রের করদ রাজ্য বানানোর জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যারপরনাই চেষ্টা করেছে। তার উদ্দেশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা এই শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়া নিয়ে আসার জন্য নানান রকম প্লট এবং ষড়যন্ত্র করছেন, তাদের আমরা চিহ্নিত করবো।’
সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশে নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের উদ্দেশ্য অসৎ। সুতরাং যারা বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে। তাদের উদ্দেশ্য খারাপ। পিআর পদ্ধতি বলতে আমরা বুঝি, ভোট দিলেন মিরপুরে আমিনুলকে আর এমপি পাবেন সন্দ্বীপের বাবুলকে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

