
মোঃ রুবেল সিকদার
বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ জুলফিকার আলী হায়দার।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তিনি নতুন দায়িত্বে যোগদান করেন। কার্যালয়ে পৌঁছালে একটি চৌকস পুলিশ দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
দায়িত্ব গ্রহণের পর ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার রেঞ্জ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-৮-এর কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার (রেঞ্জ ডিআইজি অফিস) রুনা লায়লা এবং পুলিশ সুপার (রেঞ্জ অফিস) কাজী মোঃ ছোয়াইবসহ রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
নতুন দায়িত্বে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার বরিশাল রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সম্পর্ক গড়ে তুলতে গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা জানান।

