
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কিংবদন্তিতুল্য আপসহীন নেত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’, সাবেক সফল প্রধানমন্ত্রী ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দানের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিস্মরণীয় নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও সংকটের মধ্যেও তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
তারা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে যতদিন গণতন্ত্রের পতাকা উড্ডীন থাকবে, ততদিন গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম, সাহস ও প্রত্যয়ের ইতিহাস জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রের জন্য তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরদীপ্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ় প্রতিষ্ঠা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

