
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
নিরাপদ মাতৃত্বের বার্তা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় গর্ভবতী মায়েদের জন্য বিশেষ বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘মা এক্সপ্রেস’ নামে এ ক্যাম্পে প্রায় চার শতাধিক গর্ভবতী মা চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
শুক্রবার ১৪ আগস্ট কুলাউড়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম। যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ (মেটারনাল এইড অ্যাসোসিয়েশন) এ ক্যাম্পের আয়োজন করে। এতে সহযোগিতা করে স্থানীয় সংগঠন স্রোত সাহিত্য পর্ষদ।
ক্যাম্পে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাম, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, মূত্র পরীক্ষা এবং গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে আয়রন, জিংক ও ক্যালসিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি গর্ভকালীন সময়ে পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রসব-পরবর্তী পরিচর্যা বিষয়ে মায়েদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
মা এক্সপ্রেসের সিলেট বিভাগীয় প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী বলেন, কুলাউড়ার ক্যাম্পে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এটিকে তারা একটি পাইলট কার্যক্রম হিসেবে দেখছেন। আগামী দিনে সিলেটের বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে এ ধরনের সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কুলাউড়া সমন্বয়ক সিপার আহমেদ বলেন, “মা এক্সপ্রেসের লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ দেওয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গর্ভবতী মায়েদের জন্য এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অসচ্ছল পরিবারের অনেক মা বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।
স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন বলেন, “মানুষের কল্যাণে কাজ করাও আমাদের সামাজিক দায়িত্ব। গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।”
আয়োজকদের মতে, কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’-এর এ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

