
মোহাম্মদ কমরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আসমা বেগম (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৪ আগস্ট বিকেলে কুলাউড়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালসংলগ্ন ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনের দিকে প্রবেশ করছিল। এ সময় আসমা বেগম রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর পরিচয় নিশ্চিত হয়।নিহত আসমা বেগম উপজেলার শরীফপুর ইউনিয়নের নমৌজা এলাকার হোসেন মিয়ার মেয়ে।কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে ও কুলাউড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

