
আলী হুসাইন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর সাহেববাড়ি জামে মসজিদ প্রায় চার শতকের পুরোনো একটি ঐতিহাসিক স্থাপনা। ধারণা করা হয়, এটি ১৬০০ শতকের দিকে মোগল আমলে নির্মিত। পোড়া ইট, চুন-সুরকি ও সে সময়ের প্রচলিত উপকরণ দিয়ে নির্মিত মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ, ১২টি ছোট মিনার, খিলান ও নান্দনিক কারুকাজ।
মসজিদের ভেতরে প্রায় ৭০-৭৫ জন এবং বাইরের আঙিনায় আরও প্রায় ২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পাশে রয়েছে একটি প্রাচীন জলাশয়, যা একসময় অজুর কাজে ব্যবহৃত হতো বলে স্থানীয়দের ধারণা।
১৯৯৮ সালে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির সংরক্ষণ কাজ করে এবং ২০২৫ সালে জলাশয়ের পাড় রক্ষায় প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করা হয়। স্থানীয় ইতিহাস অনুযায়ী, হজরত শাহ্ সেকান্দরের নাম থেকেই এলাকার নাম হয় সেকান্দরনগর।
ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্বের কারণে মসজিদটি তাড়াইলের ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্মারক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।

