
মোঃ রুবেল সিকদার
পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের অপরাধে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. সিরাজ শেখ (২৬)। তিনি পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শাহ আলম শেখ।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজ শেখকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

