
মোঃসানোয়ার হোসেন :
নেত্রকোনার পূর্বধলায় এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে গোল্ডেন A+ পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আমিনুল ইসলাম রাব্বী। সে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সে মোট ১১৫৭ নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর গৌরব অর্জন করেছে।
আমিনুল ইসলাম রাব্বী পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ শামীম রহমান এবং মা নাজমা আক্তার। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ ও মনোযোগ ছিল। তার অসাধারণ ফলাফলে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
রাব্বীর পরিবারের রয়েছে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি। তার দাদা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আছমত আলী। পারিবারিকভাবে দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা পেয়েই রাব্বী ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণ করেছে।
আমিনুল ইসলাম রাব্বীর স্বপ্ন, শিক্ষা জীবন সফলভাবে শেষ করে একজন ভালো ডাক্তার হওয়া। শুধু পেশাগত সাফল্য নয়, মানুষের সেবা করাকেই সে জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় রয়েছে তার।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর আমিনুল ইসলাম রাব্বী তার এই সাফল্য বাবা-মা, পরিবারের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করেছে। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ করলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব।
রাব্বীর এই কৃতিত্বে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে একজন আদর্শ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

