
জাফর আহাম্মদ :
শেরপুরের নকলা উপজেলায় চন্দ্রকোনা বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে চার বিষয়ে অকৃতকার্য হওয়ায় নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে দিয়ামনি অন্তি (১৬) নামে এক শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নর চরবাছুর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। দিয়ামনি অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবা দুলাল মিয়া চরবাছুর আলগী গ্রামের একজন কৃষক।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল সোমবার (১০ আগস্ট) এসএসসি’র ফল প্রকাশিত হলে অকৃতকার্য হওয়ায় সারাদিন মন খারাপ করে তার ঘরে বসে ছিল। গভীর রাতে সবার অজান্তে অন্তি ঘরের চালের কাঠের সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভোররাত আনুমানিক ৩টার দিকে বাবা-মা ওই ঘরে গেলে ঝুলে থাকা অন্তির মরদেহ দেখতে পান। পরে বাবা-মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তিন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ অন্তিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।

