
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে সেরা হয়েছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল। প্রতিষ্ঠানটির ১৫ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। তাদের মধ্যে পাঁচজন GPA-5 পেয়েছে।
অন্যদিকে পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যায় শীর্ষে রয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৩ জন পাস করেছে। পাসের হার ৮০ দশমিক ০৯ শতাংশ। এ বিদ্যালয় থেকে GPA-5 পেয়েছে ২৩ জন।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী, উপজেলার ৩৯টি প্রতিষ্ঠানে এবার মোট ৩ হাজার ৬১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ১৫৫ জন উত্তীর্ণ হয়েছে। সার্বিক পাসের হার ৫৯ দশমিক ৫৫ শতাংশ। GPA-5 পেয়েছে ১২০ জন।
পাসের হারে ক্যামেলিয়া ডানকানের পর রয়েছে ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ ৮৭ দশমিক ২৩ শতাংশ, বায়েক কুরমশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয় ৮২ দশমিক ৫০ শতাংশ, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৮২ দশমিক ২৮ শতাংশ এবং মাস্টার সরাফত আলী উচ্চ বিদ্যালয় ৮১ দশমিক ৪০ শতাংশ।
এ ছাড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮ জন পাস করেছে। পাসের হার ৭৬ দশমিক ৬৫ শতাংশ এবং GPA-5 পেয়েছে ১৭ জন।
অন্যদিকে উপজেলার সর্বনিম্ন পাসের হার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছয়জন পাস করেছে। পাসের হার ৩১ দশমিক ৫৭ শতাংশ। লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৩৯ দশমিক ০৬ শতাংশ এবং লংলা উচ্চ বিদ্যালয়ে ৪০ দশমিক ৪৮ শতাংশ।

