
নিজস্ব প্রতিনিধি :
সোশ্যাল মিডিয়ায় ‘ভাতের হোটেল’ ভিডিওর মাধ্যমে দেশজুড়ে ভাইরাল হওয়া মিজানুর রহমানের (মিজান) নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শিহাব উদ্দিন।
আজ এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। মো: শিহাব উদ্দিন বলেন, মিজান একজন সাধারণ মানুষ যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সততা এবং ভিন্নধর্মী প্রচারণার মাধ্যমে মানুষের নজর কেড়েছেন। তার মতো একজন পরিচিত ও নিরীহ ব্যক্তিকে এভাবে আটকে রাখা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও উল্লেখ করেন, সমাজের অবহেলিত ও সাধারণ খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হিসেবে মিজান অনেকের কাছেই ইতিবাচক হিসেবে পরিচিত। কোনো সুনির্দিষ্ট ও গুরুতর অপরাধ ছাড়া তাকে এভাবে আটকে রাখা সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করছে।
রাজধানীর আগারগাঁওয়ের ‘গরিবের বুফে’ খ্যাত ভাতের হোটেলের স্বত্বাধিকারী মিজানুর রহমান (মিজান)-এর মানবতাবাদী কর্মকাণ্ডের আরও অনেকদিক তুলে ধরেছেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শিহাব উদ্দিন।
মিজান শুধু বর্তমান সময়েই কম মূল্যে মানুষকে খাওয়াচ্ছেন না, বরং তার এই সেবামূলক কাজের ইতিহাস দীর্ঘ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমল এবং দেশের সাম্প্রতিক ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সংকটকালীন সময়েও মিজান সম্পূর্ণ বিনা পয়সায় অসংখ্য অসহায়, ক্ষুধার্ত ও সাধারণ মানুষকে খাবার বিতরণ করেছেন।
সংকট ও বিপ্লবের দিনে যখন সাধারণ মানুষের ঘরে খাবার ছিল না, তখন মিজান নিজের হোটেলের দরজা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো এমন একজন মানবতাবাদী ও পরোপকারী মানুষকে একটি সামান্য ঘটনার অজুহাতে গ্রেপ্তার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সরকারি কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার হওয়া মিজানের পূর্ববর্তী এই মানবিক অবদান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বিবেচনা করে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাহার এবং অবিলম্বে সসম্মানে তাকে মুক্তির জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরালো আহ্বান জানিয়েছেন মো: শিহাব উদ্দিন।
অবিলম্বে মিজানের বিরুদ্ধে আনা সকল অভিযোগ খতিয়ে দেখে তাকে সসম্মানে ও দ্রুত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন এই সাংবাদিক নেতা।

