
নিজস্ব প্রতিবেদক,
হবিগঞ্জের চুনারুঘাটে ট্রান্সফরমার চুরির সময় জাহাঙ্গীর মিয়া(৩৮) নামে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। সে উপজেলার রাণীগাঁও এলাকার মৃত কিরু মিয়ার পুত্র। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে এই চোরকে আটক করে স্থানীয় জনতা। জানা গেছে, বেশ কদিন পর পরেই উপজেলার রাণীগাঁও, মিরাশি, সাঁটিয়াজুড়ী, নালমুখ ইউনিয়নসহ চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। রোববার দিবাগত রাতে উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের লাদিয়া গ্রামে ট্রান্সফরমার চুরি করতে জাহাঙ্গীরসহ তার সহযোগী আরও চারজন সেখানে যান। ট্রান্সফারমার চুরির সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জাহাঙ্গীরকে আটক হলেও তার সহযোগীরা সেখান থেকে পালিয়ে যায়। এ ব্যাপার চুনারুঘাট থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ সেখানে পৌঁছে জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার অন্য সহযোগীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

