
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম,
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুরের উদ্যোগে এবং জেলা প্রশাসন, দিনাজপুরের সহযোগিতায় আজ ০৯ আগস্ট ২০২৬ তারিখে জেলার বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা সংক্রান্ত আইন ও বিধিবিধান প্রতিপালন নিশ্চিতকরণে ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট কার্যক্রমে নেতৃত্ব দেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত)দিনাজপুর ডাঃ মোঃ গোলাম রসুল রাখি। এ সময় উপস্থিত ছিলেন এমওসিএস ডাঃ হোসেন মোঃ নাহিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়েজুর রহমান ফয়েজ এবং জনাব মোঃ মনজুর মোর্শেদ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়—
১। নিউ ডেলটা ডায়াগনস্টিক সেন্টার
ঠিকানা: উত্তর বালুবাড়ি (পশু হাসপাতাল মোড়), সদর, দিনাজপুর।
প্রতিষ্ঠানটি রেজিষ্ট্রেশনবিহীন থাকা এবং আরো অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করার নির্দেশ প্রদান করা হয়।
২। মেডিনেট ট্রাস্ট ব্লাড ব্যাংক,মেডিকেল হাসপাতাল মোড় পরিদর্শনকালে ৪ টি মেয়াদোত্তীর্ণ রক্তসহ ব্যাগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
৩। স্পন্দন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন নবায়ন না করা, ডিউটি ডাক্তার না রাখা,পরিস্কার পরিচ্ছন্নতা না বজায় রাখা এবং আরো অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
জনসাধারণের জন্য নিরাপদ, মানসম্মত ও বিধিসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের কার্যক্রম নিয়মিত পরিদর্শন ও তদারকি করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা সংক্রান্ত আইন ও বিধিবিধান অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

