ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর রাজস্ব আদায়ের সার্বিক অগ্রগতি পর্যালোচনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান (মিল্টন)।
সভায় চলতি অর্থবছরের রাজস্ব আহরণের বর্তমান অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি এবং বিভিন্ন খাতে আদায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাজস্ব আদায়ে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে রাজস্ব আদায় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য কর আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও জানানো হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ভাড়া ও অন্যান্য খাত থেকে রাজস্ব আদায় জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ অভিযান পরিচালনা এবং করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদারের কথাও তুলে ধরা হয়।
প্রশাসক মিল্টন সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।