
মোঃ মোনাহার মিয়া :
জামালপুরের বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৯ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরিয়াপাড়া চরকাউরিয়া (উপজেলা মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারি মো. রুবেল মিয়া (৩৫) পালিয়ে যান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি বিশেষ দল চরিয়াপাড়া চরকাউরিয়া এলাকার মৃত লাল মিয়ার (লালু) ছেলে রুবেলের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘরের ভেতর রাখা একটি স্বচ্ছ প্লাস্টিকের বড় বয়াম থেকে ৮১২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা (ওজন ৮১ গ্রাম) এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, পলাতক আসামির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মাদকচক্রের বিরুদ্ধে তরুণ সমাজকে ২৪-এর মতো আবারও জেগে উঠতে হবে। সাধারণ মানুষের সামান্য সহযোগিতা ও সঠিক তথ্য পেলে আমরা খুব দ্রুত সমাজকে মাদকমুক্ত করতে পারব।”

