
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুরে একটি শান্তিপূর্ণ মানববন্ধনে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে ইকরাম মোল্লা (৪০) নামে এক ব্যক্তি ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) উপজেলার শিবপুর এলাকায় ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত ইকরাম মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দ্রুত হাসপাতালে পাঠান। পরে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে আটঘরিয়া থানা পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মাদ্রাসার দুই শিক্ষক মো. শামছুল আলম (মঞ্জু মাস্টার) ও মোছা. আফরোজা ম্যাডামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, অশালীন ও অসত্য মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে ৮ থেকে ১০ জনের একটি দল সেখানে এসে ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।
আয়োজকদের অভিযোগ, একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির সময় পরপর দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এর একটি ফাঁকা গুলি এবং অপরটি ইকরাম মোল্লার ডান পায়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেওয়া কয়েকজনের অভিযোগ, গুরুবাসী গ্রামের ওয়াহেদ আলী বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাসের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সেখানে এসে প্রথমে মানববন্ধনের ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে টিপু বিশ্বাস আগ্নেয়াস্ত্র বের করে প্রথমে ফাঁকা গুলি এবং পরে ইকরাম মোল্লাকে লক্ষ্য করে গুলি করেন বলে তাদের দাবি।
গুলির শব্দে মাদ্রাসা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আব্দুল হোসেন, আমিরুল ইসলাম, সামাদ মোল্লা ও বকুল হোসেন।
বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, ত্বহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামছুল আলম মঞ্জু বলেন, একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় করে মাদ্রাসা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা চলছে। কোনো অনৈতিক সম্পর্কের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে টিপু বিশ্বাস ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

