
মুহাম্মাদ রাকিবুল ইসলাম
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হানুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ইয়াবা কেনার সময় সুবল চন্দ্র (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হানুল ইসলাম পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। অপর গ্রেপ্তার সুবল চন্দ্র পার্বতীপুর কৈপাড়া গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।
ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির বারান্দায় থাকা একটি কালো রঙের সাইড ব্যাগে তল্লাশি চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের হিসাবে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা।
পুলিশের দাবি, অভিযানের সময় রায়হানুল ইসলাম আশপাশের মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় ইয়াবা কেনার অভিযোগে সুবল চন্দ্রকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

