
মোঃ রফিকুল ইসলাম মৃধা,
পটুয়াখালীতে মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা একটি ট্রলারে জলদস্যুদের হামলায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। এ সময় ট্রলার থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ট্রলারটির নাম এফবি ‘মিম’।
আহতদের মধ্যে তিনজনকে কুয়াকাটা হাসপাতালে এবং গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।
ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলে নিয়ে ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার এসে তাদের ট্রলারে সজোরে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল ট্রলারে উঠে দেশীয় অস্ত্র নিয়ে জেলেদের ওপর হামলা চালায় এবং ট্রলারের মালামাল লুট করে নেয়।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাটি সরাসরি নৌ-পুলিশের আওতাভুক্ত না হলেও আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

