
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং শিশু অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ মনরাজ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আলাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জুবেল মিয়ার বসতঘরের টয়লেটে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও ৯০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুবেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মোট ১০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই দিনের পৃথক অভিযানে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নন-এফআইআরভুক্ত আরও পাঁচজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে সাতজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

