
আল মুজাহিদ,
ভুয়া বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে যশোর শহর থেকে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার গোগা গাজীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), হরিশচন্দনপুর গ্রামের পূর্বপাড়ার কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)।
ডিবি পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়।
অভিযানের সময় বাসার দরজা খুলে একজন নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরে থাকা আরও দুজনও একই দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা কেউই বিজিবির সদস্য নন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকারি বাহিনীর পোশাক ব্যবহার করে তারা যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আসছিল।
তল্লাশির সময় একটি বস্তার ভেতর থেকে বিজিবির এক সেট সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার গ্রাইন্ডার মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক উজ্জল হোসেনের বিরুদ্ধে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

