
হামিদুর রহমান সবুজ ,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। নগরবাসীর নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
ঘোষিত বাজেটে সড়ক ও ড্রেন নির্মাণ-সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, এলইডি সড়কবাতি স্থাপন, পার্ক ও উন্মুক্ত স্থান উন্নয়ন, ডিজিটাল নাগরিকসেবা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
নাসিক সূত্র জানায়, নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি, সরকারি অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের সমন্বয়ে বাজেট বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট ঘোষণাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে। নাগরিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বাজেট ঘোষণার পর নগরবাসীর প্রত্যাশা, ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা, যানজট, সড়কের বেহাল অবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার কার্যকর সমাধান হবে।

