
মোঃ পারভেজ,
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল পটিয়া খানেকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবুল মনসুর। সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাহবুবুল আলম এম.কম.।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় কমিটির অভিষেক অনুষ্ঠানসহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা হুজুর কেবলার নির্দেশক্রমে গাউসিয়া কমিটির সদস্যদের তরিকতের আদর্শ ও কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে পটিয়া খানেকাহে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ার সভাপতি ইকবাল হোসেন নবঅনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এছাড়া দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির পক্ষ থেকেও নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

